কুষ্টিয়ার মিরপুরে ২ দালালের জরিমানা

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ০০:৫২
গতকাল মঙ্গলবার পল্লী বিদ্যুৎ সমিতি কুষ্টিয়ার মিরপুর জোনাল অফিসের গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে ইলেকট্রিশিয়ানসহ ২ জনকে ভ্রাম্যমান আদালত অর্থদণ্ড প্রদান করেছেন। সেই সঙ্গে প্রতারিত হওয়া গ্রাহকরা যথাযথ প্রমান হাজির করলে তাদের আত্মসাৎকৃত অর্থ প্রতারকদ্বয় ফেরত দেবে মর্মেও ভ্রাম্যমান আদালতকে মুচলেকা দিয়েছে। প্রতারকদ্বয় হলেন, উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের মৃত চিনিরদ্দিনের ছেলে ইলেকট্রিশিয়ান শরিফুল ইসলাম (৩০) ও একই ইউনিয়নের শিমুলিয়া গ্রামের আকমলের ছেলে ইয়ারুল (৩২)।
জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত প্রতারকদ্বয় মিরপুর জোনাল অফিসের বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে প্রতারনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের নতুন লাইন সংযোগের জন্য নকশাভুক্ত ৪৩টি সংযোগের মধ্যে ৩৭টি সংযোগের জন্য ওয়ারিং কাজ সম্পন্ন হয়েছে। ওয়ারিং করা বাবদ ও দ্রুত সংযোগের কথা বলে জনপ্রতি ৪ হাজার টাকা করে উৎকোচ গ্রহনের পর আবার নতুন করে ২ হাজার টাকা উৎকোচ চাইলে অতিষ্ঠ গ্রাহকরা উক্ত দালালদের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ মিরপুর জোনাল অফিসে লিখিত অভিযোগ করেন। অভিযোগটি আমলে নিয়ে মিরপুর জোনাল অফিস প্রধান, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রঙ্গলাল কর্মকার বিষয়টি মিরপুর থানাকে অবহিত করেন। তারই প্রেক্ষিতে মিরপুর থানা পুলিশ উল্লেখিত ২ দালালকে আটক। পরে আটককৃত দালালদের ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান ১৮৬০ সালের দন্ডবিধি ২৯০ ধারা মোতাবেক প্রতারকদের দুইশত টাকা করে অর্থদণ্ড জরিমানার রায় দেন।
উল্লেখ্য, গত বছরের ২৯ জানুয়ারী মিরপুর জোনাল অফিসের ডিজিএম’র স্বাক্ষর জাল করার অপরাধে আশরাফুল আলম (৩০) ও অমরেশ কুমার অধিকারী নামের দুই প্রতারক আটক হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালত ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ইত্তেফাক / এ এন