ওয়েন রুনির বিশ্বাস ওলে গানার সোলসারই পরবর্তী মৌসুমে ইউনাইটেডের কোচ হিসেবে থাকবেন।
গেল ডিসেম্বরে হোসে মরিনহোর রেখে যাওয়া টালমাটাল এক দলকে সোলসার নতুন এক জীবন দিয়েছেন। তার অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে তিন হারের বিপরীতে ম্যানইউ জিতেছে ১৫ ম্যাচ। ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার সপ্তম স্থান থেকে সেরা চারে চলে এসেছে দলটি, নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালও।
তবে এখনো পরবর্তী মৌসুমে দলের কোচ কে হবেন সে ব্যাপারে ঘোষণা আসেনি। তাই গুঞ্জন আছে টটেনহ্যাম হটস্পারের কোচ মরিসিও পচেত্তিনোকে ওল্ড ট্র্যাফোর্ড ডাগআউটে জায়গা করে দিতে পরের মৌসুমে নাও দেখা যেতে পারে সোলসারকে। তবে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক রুনি এক্ষেত্রে ভিন্নমত পোষণ করলেন।
রুনির বিশ্বাস দলকে বদলে দেওয়ার প্রতিদান হিসেবে পরবর্তী মৌসুমে তিনিই হবেন ইউনাইটেড কোচ। এক সময়ের ইউনাইটেড ফরোয়ার্ড বলেন, ‘তিনি সহজভাবে তার কাজ করছেন এবং ভক্তদের মাঝে বিশ্বাসটাকেও ফিরিয়ে এনেছেন। প্রতিদিন কাজ করার জায়গাটাকে আবারও উপভোগ্য করে তুলেছে সে।’
তিনি আরো বলেন, ‘ক্যারিংটনের স্টাফরাও এখন তাদের কাজ উপভোগ করছেন এবং তা ফল দেবেই। যখন আপনি দেখবেন যে খেলোয়াড়দের সাথে সাথে স্টাফরাও মনের সুখে কাজ করছে, তখন কাজের পরিবেশটা আপনাআপনিই সুখী হয়ে যায়।’
তার আরো মত, ‘সে অসাধারণ কাজ করছে এবং আমি নিশ্চিত যে, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হবার জন্যে সেই একমাত্র প্রার্থী। সে তা পেয়ে গেলে দারুণ হবে। পছন্দসই খেলোয়াড় পেলে সে ক্লাবটিকে সামনে এগিয়ে নিতে পারবে।’
