সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পোস্টার-ব্যানার সরিয়ে ফেলতে নির্বাচন কমিশনের নির্দেশনার পরও নির্বাচনী এলাকা বরগুনা-২ আসনের বেতাগী উপজেলায় বিভিন্ন প্রার্থীর পোস্টার ও ফেস্টুন শোভা পাচ্ছে। যদিও স্থানীয় প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের পৌর শহরের অধিকাংশ পোস্টার, ফেস্টুন ও ব্যানার সরিয়ে ফেলা হয়েছে। তবে এ ক্ষেত্রে প্রার্থীদের কোনো ভূমিকা পরিলক্ষিত হয়নি। গত ১৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ছিল পোস্টার-ব্যানার সরানোর জন্য নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া শেষ সময়। তবুও পোস্টার-ব্যানার অপসারণে মাঠে তেমন কোনো তত্পরতা দেখা যাচ্ছে না।
নির্বাচন কমিশনে বেঁধে দেওয়া শেষ সময়ের পর বুধবার সরেজমিনে দেখা গেছে, এখনো নির্বাচনী এলাকার প্রত্যন্ত এলাকায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ফেস্টুন ও ব্যানার দেয়ালে, গাছে ও খুঁটিতে নানাভাবে ঝুলছে। ফলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে।
