মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোর-৬ কেশবপুর আসনের সাবেক সংসদ সদস্য সাখায়াত হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় তার নিজ গ্রাম যশোরের কেশবপুরের হিজলডাঙ্গাসহ উপজেলার বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধারা মিষ্টি বিতরণ করেছেন।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
রায়ে সাখায়াত হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ ও অন্য ৭ অপরাধীর আমৃত্যু কারাদণ্ডাদেশ আদেশ দেয়া হয়।
মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনিছুর রহমান খান বলেন, যুদ্ধাপরাধী সাখাওয়াতের ফাঁসির রায় হওয়ায় মুক্তিযোদ্ধাসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সকলে আনন্দিত ও উল্লাসিত। এ অঞ্চলের প্রথম কোন যুদ্ধাপরাধীর ফাঁসির রায় হওয়ায় যুক্তিযুদ্ধের চেতনার বিজয় হয়েছে।
কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন বলেন, এ রায়ে মুক্তিযুদ্ধের চেতনা কলুষমুক্ত এবং মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসীদের জয় হলো।
