তুরস্কের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলে বুধবার কুর্দি যোদ্ধাদের বোমা হামলায় তিন সৈন্য নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। স্থানীয় নিরাপত্তা সূত্রে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইরাক সীমান্তবর্তী উলুদেরে এলাকায় এ হামলা হয়।
হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধাদের দায়ী করেছে তুরস্ক। গত বছরের জুলাই মাসে দুই বছরের একটি অস্ত্রবিরতি চুক্তি ভেঙ্গে যাওয়ার পর তুরস্কের সৈন্যরা কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান পুনরায় জোরদার করে। এতে দুই পক্ষেই হতাহতের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানায়, গত বছর অস্ত্র বিরতি চুক্তি ভেঙ্গে যাওয়ার পর থেকে পিকেকে’র বিভিন্ন হামলায় তুরস্ক নিরাপত্তা বাহিনীর ছয় শতাধিক সদস্য নিহত হয়েছে। অপরদিকে তুরস্ক ও উত্তর ইরাকে ওই গ্রুপের বিরুদ্ধে সরকারি বাহিনীর বিভিন্ন অভিযানে সাত হাজারের বেশী কুর্দি যোদ্ধা নিহত হয়। -এএফপি
ইত্তেফাক/এমএএস
