বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলার পর বিএনপি জাতীয় ঐক্যের ডাকের যে কথা বলেছিল তা ছিল বিভ্রান্তি সৃষ্টির জন্য।
বুধবার বেলা দুইটায় ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উদযাপন উপলক্ষে ‘ভূমি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠির অধিকারের সুরক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উদযাপন কমিটি-২০১৬ রাজধানীর তোপখানা রোডে অবস্থিত সিরডাপ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে।
তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে সেমিনারে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বিশেষ অতিথির বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন- এএলআরডির চেয়ারপারসন ও নিজেরা করির খুশী কবির, অর্থনীতির অধ্যাপক ও গবেষক ড. স্বপন আদনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. সাদেকা হালিম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত ও সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা। সূচনা বক্তব্য রাখেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস ‘জঙ্গিবাদ, বহুত্ববাদ ও ভূমি সন্ত্রাস’ এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ‘আদিবাসীদের ভুমি অধিকার ও মানবাধিকার’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। কিন্তু সম্প্রতি ঘোষিত বিএনপির নির্বাহী কমিটির দিকে তাকালে দেখা যায়, সেখানে ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ও মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অপরাধীর পরিবারের সদস্যদের স্থান দেয়া হয়েছে।
খবর বাসসের।
ইত্তেফাক/এএম।
