ভারতকে থামানো গেল না। নারী সাফের ফাইনালে অনেক আশা নিয়ে মাঠে নেমেছিল নেপাল। কাঠমান্ডু হতে দূরে বিরাটনগরে নিজেদের মাঠে নেপাল অনেক স্বপ্ন নিয়ে লড়াইয়ে নেমেছিল। শহীদ রঙ্গশালা স্টেডিয়ামের গ্যালারিতে আসন নিয়েছিলেন হাজার হাজার দর্শক। উপচেপড়া হাজার দশেক দর্শক আবার ভাঙ্গা মন নিয়ে ঘরে ফিরেছেন। আবার সেই ভারত নারী সাফে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিকালে সাফের ফাইনালে ভারত ৩-১ গোলে নেপালকে হারিয়ে নারী সাফের ট্রফি তুলে নেয়। এবার নিয়ে টানা পাঁচটি আসরে চ্যাম্পিয়ন হলো ভারত।
নেপালের দর্শক এবার একটু বেশি আশা করেছিলেন। তিন বার ফাইনাল খেলে নেপাল ট্রফির ছোঁয়া পায়নি। সেই আক্ষেপ নেপালীদের মনে কষ্টের পাহাড় হয়েছিল। ঘরের মাঠে আরেকবার ভারতকে ফাইনালে পেয়ে শেষ বিন্দু দিয়ে লড়াইয়ে নেমে আবার সেই ব্যর্থতার মধ্যেই হাবুডুবু খেল। ২৬ মিনিটে গোল হজম করে ৩৩ মিনিটে সমতা এনেছিল হড়ি খারকার দল নেপাল। কিন্তু ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে গোল করা যেন মৌচাকে ঢিল ছোঁড়ার মত। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে ফাইনাল ম্যাচটা ছোঁ মেরে নিয়ে যায়। আরো একবার চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা তুলে নেয়। ভারতের টানা পাঁচ বারের সাফ জয়ের রেকর্ড ভবিষ্যতে কবে কে ভাঙ্গবে তা বলা কঠিন।
