অলিম্পিক অভিষেকেই দ্যুতি ছড়ালেন চীনের দেং ওয়েই। রিও গেমসের ভারোত্তোলনে মেয়েদের ৬৩ কেজি ওজনশ্রেণিতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি। আগের রেকর্ডধারী তাইওয়ানের লিন জু-চাই ইভেন্ট শুরুর কয়েক ঘণ্টা আগে প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেন।
আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন লিনের সরে দাঁড়ানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ডোপ টেস্টে উতরাতে পারেননি তাইওয়ানের এই অ্যাথলেট।২০১৪ সালে এশিয়ান শিরোপা জেতার পথে ২৬১ কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড গড়া লিনকে মঙ্গলবারের এ প্রতিযোগিতা থেকে সরিয়ে নেয় তাইওয়ানের অলিম্পিক কমিটি।
পরে ২৬২ কেজি ওজন তুলে রেকর্ড গড়েন দেং ওয়েই। বিশ্ব রেকর্ড গড়ার পথে দ্বিতীয় প্রচেষ্টায় কিন অ্যান্ড জার্কে নিজেরই গড়া আগের বিশ্ব রেকর্ডের চেয়ে ১ কেজি বেশি মোট ১৪৭ কেজি ওজন তোলেন দেং ওয়েই। দেংয়ের চেয়ে ১৪ কেজি ওজন কম তুলে রূপা জেতেন উত্তর কোরিয়ার চোয়ে হিও সিম। কাজাখস্তানের মেয়ে ২৩ বছর বয়সী কারিনা গোরিচেভা ব্রোঞ্জ জেতেন।
ইত্তেফাক/এসএসএ
