মাদুরোর ভবিষ্যৎ নির্ধারণে গণস্বাক্ষর সংগ্রহের অনুমতি

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৯:৪৭
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ৪০ লাখ গণস্বাক্ষর সংগ্রহের অনুমোদন দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
 
জাতীয় নির্বাচন কাউন্সিলের (সিএনই) প্রেসিডেন্ট তিবিসে লুসেনা জানিয়েছেন, অক্টোবরের মধ্যে বিরোধীপক্ষকে দেশের মোট ভোটারের ২০ শতাংশ বা ৪০ লাখ সই সংগ্রহ করার প্রচেষ্টায় অনুমোদন দেওয়া হয়েছে। এটি সম্ভব হলেই কেবল পুনরায় গণভোট অনুষ্ঠানের কাজ শুরু করা সম্ভব হবে।
 
তবে অক্টোবরের শেষ সময়ের মধ্যে শুধু গণস্বাক্ষর সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে- জানার পর দেশটির সরকারবিরোধী পক্ষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেস ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বরে বিরোধীদলগুলোর গণমিছিল হবেই। কিন্তু আগামী বছরে পুনঃভোট অনুষ্ঠানের মাধ্যমে মাদুরোর পরিবর্তে তার ভাইস-প্রেসিডেন্টকে ক্ষমতায় নিয়ে আসা হতে পারে। তার অর্থ দাঁড়াচ্ছে, সমাজতান্ত্রিক দলই ক্ষমতায় থেকে যাচ্ছে। -বিবিসি