যশোরে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ২১:০০
মৌসুমের সর্বোচ্চ ও বিরামহীন বৃষ্টিপাতে তলিয়ে গেছে যশোরের নিম্নাঞ্চল। 
 
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শ্রাবণের অবিরাম বর্ষণের এমন পরিস্থিতি গত কয়েক বছরে দেখা যায়নি বলেও অনেকেই জানিয়েছেন। আর এই বৃষ্টিতে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ। শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত না হওয়ায় ড্রেন উপচে রাস্তাঘাট তলিয়ে বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে।
 
মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিপাতে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণে শহরের খড়কি, রেলগেট, বেজপাড়া, টিবি ক্লিনিকপাড়া, স্টেডিয়ামপাড়া, শংকরপুর, মিশনপাড়া, উপশহর, চাঁচড়া, কারবালা, এমএম কলেজ এলাকা, নাজিরশংকরপুর, বকচর, আবরপুরসহ শহরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এ সব এলাকার ড্রেন ছাপিয়ে উপচে পড়া পানি সড়ক পার হয়ে ঘরের মধ্যেও ঢুকে পড়েছে।
 
যশোরস্থ বিমান বাহিনীর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ বছর আষাঢ়ের শুরু থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। আর গোটা শ্রাবণেই চলছে শ্রাবণধারা। মধ্য শ্রাবণের পর থেকে শেষদিকে এসে এর পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত যশোরে প্রায় ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একদিনের বৃষ্টিপাতের হিসেবে যা গত কয়েক মৌসুমের মধ্যে সর্বোচ্চ।
 
ইত্তেফাক/ইউ