পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ বন্ধ, ফেরিতে যাত্রী পারাপার

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ২২:৩৮
ঘূর্ণিঝড় মেঘমালার প্রভাবে পদ্মা নদীতে সৃষ্ট ঢেউয়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
 
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কর্তৃপক্ষ এই নৌপথে চলাচলকারী ২৫টি লঞ্চ বন্ধ করে দেয়। ফলে লঞ্চের যাত্রীরা ফেরিতে পার হচ্ছেন।
 
বিআইডব্লিউটিএর নৌযান পরিবহন পরিদর্শক এসএম শফিকুল ইসলাম জানান, পদ্মা নদীতে বর্তমানে তিন নম্বর সতর্কতা সংকেত থাকায় দুর্ঘটনা এড়াতে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত এই রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
 
তিনি আরো জানান, দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে দুটি বিলীন হয়ে যাওয়ায় ছয়টি ছোট ও মাঝারি ফেরি দিয়ে সীমিত আকারে ছোট যানবাহন পার করা হচ্ছে। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাটে আসা শত শত যাত্রী ওই ফেরি দিয়ে নদী পার হচ্ছেন।
 
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, লঞ্চ চলাচল বন্ধ থাকায় হালকা যানবাহনের পাশাপাশি প্রতিটি ফেরিতে ২৫০-৩০০ যাত্রী পার হচ্ছেন।