দ্বিতীয় দিনের মতো খাগড়াছড়িতে হরতাল চলছে

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১০:২৯
 
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৬ গেজেট আকারে প্রকাশ করার প্রতিবাদে খাগড়াছড়িতে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চলছে সকাল-সন্ধ্যা হরতাল।
 
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি বাড়ানোর বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেছেন। 
 
বৃহস্পতিবার ভোর থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লার সড়কে কোনো যানবাহন চলাচল করেনি। জেলা ও উপজেলার অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন স্থানে সকাল থেকে হরতালের সমর্থনে পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। নাশকতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 
 
বিজ্ঞপ্তিতে গত ১ আগস্ট মন্ত্রীসভায় অনুমোদিত আইনটির সংশোধনীর ফলে পার্বত্য বাঙালি উচ্ছেদের নীল নকশা বলে অভিহিত করা হয়। তাই পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনী ২০১৬ অনুমোদন দেয়ার প্রতিবাদে পার্বত্য বাঙালিদের অধিকার আদায়ের সংগঠন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদসহ অন্যান্য সমমনা সংগঠন মঙ্গলবার তিন পার্বত্য জেলায় হরতাল কর্মসূচি ঘোষণা করে। 
 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই আইনটি বাতিলের প্রতিবাদে বুধবার খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় শান্তিপূর্ণ হরতাল পালন করা হয়। কিন্তু দাবি উপেক্ষা করে সরকার ৯ আগস্ট গোপনে ভূমি কমিশন সংশোধনী ২০১৬ আইনটি গেজেট আকারে প্রকাশ করে। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার হরতাল বৃদ্ধি করা হয়েছে। 
 
ভূমি কমিশন (সংশোধনী) ২০১৬ এই আইনটি বাতিল করা না হলে কর্মসূচি আরো কঠোর করা হবে বলে বিজ্ঞপ্তি জানানো হয়। 
 
 
ইত্তেফাক/কেকে