এসএসসি পরীক্ষায় অতিরিক্ত আদায় করা সেশন ফি ফিরিয়ে দেওয়ার দাবিতে বাংলাদেশ ছাত্রমৈত্রী নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১ ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি চলে। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নীলফামারী জেলা শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য রুহুল আলম মাস্টার, বাংলাদেশ যুবমৈত্রী নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম, ছাত্রমৈত্রীর সৈয়দপুর উপজেলা শাখার আহ্বায়ক তৌফিক আহমেদ নিয়ন, যুগ্ম আহ্বায়ক মো. শাহিন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, সৈয়দপুর শহরের বেশকিছু বিদ্যালয় এসএসসি পরীক্ষায় অতিরিক্ত সেশন ফি আদায় করেছে।
