কানাডা পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে সন্দেহভাজন ব্যক্তি নিহত

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৭:৩৩
কানাডা পুলিশ দেশের অন্টারিও প্রদেশে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, একজন মাত্র সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।
 
কানাডার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, পুলিশ টরেন্টোর প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে স্ট্রাথ্রোইয়ে একটি এলাকায় অভিযান চালায়। তারা এ সন্দেহভাজন ব্যক্তির নাম অ্যারোন ড্রাইভার বলে উল্লেখ করে। তারা বয়স ২৪ বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাকথিত ইসলামিক স্টেটকে সরাসরি সমর্থন জানানোর জন্য গত বছর তাকে গ্রেফতার করা হয়েছিল।
 
পুলিশের এক সিনিয়র কর্মকর্তা কানাডার বার্তা সংস্থাকে বলেন, সন্দেহভাজন এ ব্যক্তি জনাকীর্ণ এলাকায় আত্মঘাতী বোমা হামলা চলানো পরিকল্পনা করেছিল বলে অভিযোগ রয়েছে। আরসিএমপি-র বিবৃতিতে বলা হয়, তারা ‘সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকির বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছিল।
 
অ্যারোন ড্রাইভারের পরিবার তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। উল্লেখ্য, ইসলাম ধর্ম গ্রহণকারী ড্রাইভার ২০১৪ সালে হারুন আবদুর রহমান ছদ্মনামে টুইটারে এক বার্তায় সরাসরি আইএসকে সমর্থন জানানোয় কর্তৃপক্ষের নজরে আসে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ