বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে ভারত সব ধরনের সহযোগিতা দেবে। এ বিষয়ে উভয়দেশ পরস্পরকে সহযোগিতা করতে একমত বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সাথে মতবিনিময় করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত পাশে ছিল বলেই এতো অল্প সময়ের মধ্যে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। ভারত বাংলাদেশের অতন্ত বিশ্বস্ত বন্ধু। ভারতের আন্তরিকতার কারনে দীর্ঘদিন পর হলেও ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। এ অঞ্চলে বাণিজ্য সুবিধা বৃদ্ধির করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বাংলাদেশ, ভূটান, ইন্ডিয়া, নেপাল (বিবিআইএন) প্রকল্প বাস্তবায়নে ভারত সহযোগিতা করছে। বাংলাদেশ শুণ্য হাতে যাত্রা শুরু করে আজ বিশ্বের মধ্যে মর্যাদার আসনে অধিষ্ঠিত।
ইত্তেফাক/এএম।
