নিরাপত্তা ইস্যুতে ইংল্যান্ড ক্রিকেট দল আসবে কিনা সেটি না ভেবে, বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের মনোযোগ এখন শতভাগ প্র্রস্তুতির দিকে।
ইংলিশদের বিপক্ষে সিরিজটি ঘরের মাটিতে হলেও, টাইগারদের জন্য তা বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন হাথুরু। তাই ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে ফিল্ডিংয়ের দিকেই বিশেষ নজর এই লঙ্কানের। চার মাস হলো আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। সিরিজটিকে সামনে রেখে গেলো মাস থেকে কন্ডিশনিং ক্যাম্প করছে।
শুরুতে ক্যাম্পে ছিলেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দু'দিন হলো শীষ্যদের অনুশীলনে নেমেছেন তিনিও। লক্ষ্য ইংলিশদের বধ করা। কিন্তু তার আগে নিরাপত্তা ইস্যুতে ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা দেখা দিলেও, তা নিয়ে মোটেও চিন্তিত নন লঙ্কান কোচ। বরং, ময়দানের লড়াইয়ের আগে নিজেদের নিয়ে ভাবনা হাথুরুর।
তিনি বলেন, ইংল্যান্ড আসবে কি আসবে না তা সম্পূর্ণ তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমি এসব নিয়ে ভাবছি না। অনুশীলনে সাধ্যমত প্র্রস্তুতি নেয়ার দিকে মনোযোগ দিতে চাই। ব্যাটিং ও বোলিংয়ে ক্রিকেটাররা আগের থেকে উন্নত করলেও, ফিল্ডিংয়ে বেশ পিছিয়ে আছে বলে মনে করেন চান্ডিকা। তাই, এদিকে বিশেষ নজর দিতে চান তিনি। পাশাপাশি, ক্যাম্পে ডাক পাওয়া অভিজ্ঞ ক্রিকেটারদের ঘরোয়া পারফরম্যান্স ভালো হওয়ায় খুশি এ লঙ্কান কোচ।
হাথুরু বলেন, আমি চাই ছেলেরা ফিল্ডিংয়ে আরো বেশি মনোযোগী হোক। তাই, স্কিল ক্যাম্প ফিল্ডিং দিয়েই শুরু করবো। আর ক্যাম্পে ডাক পাওয়া নতুন কিন্তু অভিজ্ঞ ক্রিকেটারদের ক্ষেত্রে বলতে চাই, তাদের ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স আমাকে সত্যিই মুগ্ধ করেছে। এদিকে, তাসকিন ও আরাফাত সানির ফেরার ব্যাপারে আশাবাদী কোচ। তবে শেষ মুহূর্তে তাদের না পেলে, বিকল্প ভাবনা আছে চন্ডিকার।
তিনি বলেন, আরাফাত সানি ও তাসকিন সঠিকভাবে নিজেদের ভুলগুলো শুধরে নিচ্ছে কিনা, সে ব্যাপারে সার্বক্ষণিক আমার নজর আছে। আশা করি, এ মাসের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে তাদের পরীক্ষার জন্য পাঠাতে পারবো। অনুশীলন শেষে নিজেদের মধ্যে প্র্রস্তুতি ম্যাচ খেলার পাশাপাশি, ক্রিকেটারদের বিসিএলে খেলানোর পরিকল্পনার কথা জানান চান্ডিকা হাথুরুসিংহে।
