ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১, অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ০৮:৩৭
 
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফলশী গ্রামের বটতলায় র‌্যাব-সন্ত্রাসী 'বন্দুকযুদ্ধে' শহিদুল ইসলাম পচা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। বৃহষ্পতিবার দিবাগত রাত পৌনে দুই টার দিকে এ ঘটনা ঘটে।
 
র‌্যাব- ৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মনির আহমেদ জানান, র‌্যাবের একটি টহল দল হরিণাকুন্ডু উপজেলা এলাকায় টহল দিচ্ছিল। ফলশী গ্রামে পৌঁছলে গ্রামবাসী টহল দলকে জানায়, ১৫/১৬ অজ্ঞাত ব্যক্তি কোনো অপরাধ ঘটানোর জন্য বটতলায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছে। র‌্যাবের টহল দলটি সেদিকে এগিয়ে গেলে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ১০ মিনিটের মতো 'বন্দুকযুদ্ধ' চলে। 
 
সন্ত্রাসীরা পালিয়ে গেলে র‌্যাব ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
র‌্যাব ঘটনাস্থল থেকে ১টি শুটারগান, ২ রাউন্ড গুলি, ১টি রামদা ও ১টি হাসুয়া উদ্ধার করে।
 
আহত র‌্যাব সদস্য এএসআই খায়রুল হোসেন ও এপিসি মিজানুর রহমানকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেয়া হয় বলে র‌্যাব কর্মকর্তা জানান। 
 
তিনি আরো জানান, নিহত শহিদুল ইসলাম পচার বিরুদ্ধে হরিণাকুন্ডু ও ঝিনাইদহ থানায় হত্যা, অপহরণ, বোমাবাজি, চাঁদাবজির বেশ কয়েকটি মামলা আছে।   
 
 
ইত্তেফাক/কেকে