ভালো শুরু করেও পারলেন না সিদ্দিকুর

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২১:২৪
অলিম্পিক গলফের প্রথম রাউন্ডের মোট ১৮ হোলের প্রথম নয়টিতে ভাল করেও শেষপর্যন্ত পারলেন না দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। শেষ নয়টিতে তিনি খেই হারিয়ে ফেলেন। সেখানে ইন সেকশনে তিনি পারের চেয়ে মোট ৪টি শট বেশি খেলেন। ফলে প্রথম রাউন্ড শেষে তার স্কোর দাঁড়ায় পারের চেয়ে চার শট বেশি, অর্থাৎ ৭৫।
 
১৩, ১৪ ও ১৫ নম্বর হোলে তিনি টানা তিনটি বোগি করেন অর্থাৎ নির্ধারিত শটের চেয়ে একটি করে বেশি শট খেলেন। পরে ১৭ নম্বর হোলেও তিনি একটি শট বেশি খেলেন। পারের চেয়ে চার শট বেশি খেলেছেন সিদ্দিকুর ছাড়া মাত্র একজন। ৬০জন প্রতিযোগীর মাঝে সিদ্দিকুরের নিচে আছেন মাত্র তিনজন।
 
প্রথম রাউন্ড শেষে লিডার বোর্ডের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্কাস ফ্রেজার। মাইনাস আট পারে অর্থাৎ ৬৩ শটে তিনি পূর্ণ করেছেন তার প্রথম রাউন্ডের খেলা।