মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, 'একাত্তরের পরাজিত শত্রু এবং যুদ্ধাপরাধীদের আত্মীয়স্বজন দিয়ে বিএনপির কমিটি ঘোষণায় দেশবাসী হতাশ হয়েছে।'
বিএনপি নিজেদেরকে মুক্তিযুদ্ধের দল দাবি করে দেশ বিরোধী ও যুদ্ধাপরাধীদের দিয়ে দলীয় কমিটি গঠন করা দেশের জনগণ ও রাজনীতির জন্য মোটেও শুভ হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার দুপুরে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি ও বেগম আরজু মনির ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ এ সভার আয়োজন করে। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি এম এ জলিল।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, ডেপুটি এটর্নি জেনারেল হারুনার রশিদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, অরুণ সরকার রানা , জাসদ নেতা হুমায়ুন কবীর প্রমুখ।
আকম মোজাম্মেল হক আরো বলেন, 'এদেশে যুদ্ধাপরাধীর কোন দল থাকতে পারবে না। অচিরেই যুদ্ধাপরাধীদের দল জামাতে ইসলামীকে নিষিদ্ধ করে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।'
ইত্তেফাক/এসএস
