মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত অতিক্রমের চেষ্টা

অভিবাসন-প্রত্যাশীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:২৭

মার্কিন সীমান্ত টহল দলের সদস্যরা বৃহস্পতিবার মেক্সিকোর তিজুয়ানা নগরী দিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা মধ্য-আমেরিকান অভিবাসন প্রত্যাশীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এছাড়া বেশ কয়েকজন অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, অভিবাসন প্রত্যাশীদের একটি গ্রুপ রশি ব্যবহার করে তিজুয়ানা ও ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোর মধ্যবর্তী স্থানে দেওয়া একটি সীমান্ত বেষ্টনী অতিক্রমের চেষ্টা করেন। এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে শিশুও ছিল। এসময় মার্কিন সীমান্ত টহল দলের সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছুঁড়েন। এরপরও বেশ কয়েকজন সীমান্ত বেষ্টনী অতিক্রম করতে সক্ষম হন। এএফপির এক সাংবাদিক জানান, রশি বেয়ে সীমান্ত বেষ্টনী অতিক্রম করা কয়েকজনকে তাত্ক্ষণিকভাবে আটক করা হয়।

গত এক সপ্তাহের মধ্যে মধ্য-আমেরিকান অভিবাসন প্রত্যাশীরা তৃতীয়বারের মতো মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলেন। এক সপ্তাহ আগে প্রায় ৫০ জন সীমান্ত অতিক্রম করেছিলেন। গত মঙ্গলবার আরো প্রায় ১০ জন সীমান্ত পার হন। মার্কিন কর্তৃপক্ষ এদের সবাইকে আটক করে। নিজ নিজ দেশে অর্থনৈতিক মন্দা ও ব্যাপক সহিংসতার হুমকির মুখে মধ্য-আমেরিকা থেকে আসা অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রাণপণ চেষ্টা করছেন।