কলেরায় আক্রান্ত হয়ে মধ্য আফ্রিকায় ১৬ জনের মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১১:৩৬
 
কলেরায় আক্রান্ত হয়ে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার জাতিসংঘের শিশু তহবিল ও ত্রাণ বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।
 
গত পাঁচ বছরের মধ্যে দেশটিতে এবারই প্রথম কলেরার প্রাদুর্ভাব দেখা গেল। গত বুধবার কলেরার প্রাদুর্ভাব বিষয়ে সরকারি ঘোষণার পর কেবল ওবানগুই নদী এলাকায় ৬৬ জন আক্রান্তের তথ্য রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সরকারি হিসেবে কলেরায় মৃতের সংখ্যা ছিল ১০। দেশটির রাজধানী বাংগুই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ডিজোকোউ এলাকায় প্রথম কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়।
 
মধ্য আফ্রিকায় ইউনিসেফের প্রতিনিধি মোহাম্মদ মালিক ফল বলেন, 'শিশুরা, বিশেষ করে যাদের বয়স পাঁচ বছরের নিচে এই প্রাণঘাতী রোগে তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।'
 
সংস্থাটি আরো জানিয়েছে, তারা  স্থানীয়দের মাঝে ওষুধ, নিরাপদ পানি ও যন্ত্রপাতি বিতরণ করছে।