সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন কালিন্দি নদী থেকে আবু মুসা মন্ডল (৫০) নামে এক বাংলাদেশি ভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
শুক্রবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। আবু মুসা কালিগঞ্জ উপজেলার মানপুর গ্রামের আবু সাইদ মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, এক মাস আগে প্রতিবেশী কার্তিক মন্ডলের সঙ্গে ভারতের শিলাইদাহ এলাকায় একটি ইটের ভাটায় কাজ করতে যান আবু মুসা মন্ডল ও তার ভাই শফি মন্ডল। বুধবার রাতে তারা তিনজন একসঙ্গে ভারতের চাড়াল খালী এলাকা দিয়ে কালিন্দি নদী সাঁতরে বাংলাদেশের দুরমুজখালী সীমান্তে উঠার চেষ্টা করে। হঠাৎ বিএসএফের স্পিড বোট তাদের ধাওয়া করলে আবু মুসা মন্ডল পানিতে তলিয়ে যায়। তবে শফি মন্ডল ও কার্তিক মন্ডল দুরমুজখালী সীমান্তে পৌঁছাতে সক্ষম হয়। সেই থেকেই ভাইয়ের সন্ধানে বাংলাদেশের পারে অপক্ষো করতে থাকে শফি মন্ডল। এক পর্যায়ে শুক্রবার রাতে কালিন্দি নদী থেকে মুসার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে দুরমুজখালী বিওপির বিজিবি সদস্যরা মুসার লাশ উদ্ধার করে।
বিজিবির সাতক্ষীরার নীলডুমুর ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন জানান, রাতেই আইনগত প্রক্রিয়া শেষে মুসার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
