ফেনীর পরশুরাম উপজেলার কাউতলী সীমান্ত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় ৩ নাইজেরিয়ার নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে কাউতলী সংলগ্ন মুহুরী নদী থেকে তাদের গ্রেফতার করা হয়। ফেনী পুলিশ সুপার মো. রেজাউল হক পিপিএম শনিবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার কাউতলী সীমান্তের মুহুরী নদী পাড়ি দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় নাইজেরিয়ার নাগরিক ডামিয়ন নাওয়াডুজে (৩৫), ভিক্টর (৩৩) ও আসটেনটাইন ইকতেপাকুকে (৪২) এলাকাবাসীর সহায়তায় পরশুরাম মডেল থানার পুলিশ গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি পাসপোর্ট জব্দ করে পুলিশ।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৩ নাইজেরিয়ান নাগরিকের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
