‘বাল্টিক সাগরে উত্তেজনা উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র ’

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:৩১

রুশ সীমান্তের কাছে বাল্টিক সাগরে পরমাণু অস্ত্র বহনে সক্ষম বি-৫২ বোমারু বিমান পাঠিয়ে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। তবে ওয়াশিংটন বলছে, শত্রুপক্ষের কোনো ধরনের আক্রমণের হুমকি মোকাবিলায় বোমারু বিমানের এ টহল প্রয়োজন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, যুক্তরাষ্ট্রের বি-৫২ পরমাণু বোমারু বিমান রাশিয়ার সীমান্তের দিকে উড়ে আসায় সেটিকে ধাওয়া করেছে দুটো রুশ সুখোই সু-২৭ জঙ্গি বিমান। বি-৫২ গতিমুখ পরিবর্তন করে উল্টোদিকে চলে যাওয়ার পর সুখোই জঙ্গি বিমানে দুটো ঘাঁটিতে ফেরে। তবে ঘটনাটি কখন ঘটেছে তা জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক কনফারেন্স কলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমি শুধু এটুকুই বলব যে, রাশিয়ার সীমান্তের সঙ্গে সরাসরি সংযোগ থাকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ড সেখানে নিরাপত্তা এবং স্থিতিশীলতা অক্ষুণ্ন রাখার পরিবেশ রক্ষায় কোনোভাবেই সহায়ক নয়, বরং তারা উল্টো বাড়তি উত্তেজনা তৈরি করছে।’