নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদ

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:৩৩

নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ওলামা মাসায়েখ ও আয়েম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।

জুম্মার নামাজ শেষে জাতীয় ওলামা মাসায়েখ ও আয়েম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ’র নেতৃত্বে মিছিলটি বের হয়। শেষে পূণরায় বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।   সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাসায়েখ ও আয়েম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ, সেক্রেটারি মুফতি আহমাদুল্লাহ সিরাজী, মাওলানা আব্দুস সামাদ প্রমুখ।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়েও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ এর আয়োজন করে। পঞ্চগড় শের-ই-বাংলা পার্কে পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লিরা এসে জড়ো হয়। পরে পার্কের উন্মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের সভাপতি মুফতি আ.ন.ম আব্দুল করিম, সাধারণ সম্পাদক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ ও সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।