সংস্কারপন্থিরা বিএনপির গুরুত্বপূর্ণ পদে: হান্নান শাহ

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ২০:৩৯
 
সদ্য ঘোষিত বিএনপির কমিটিতে কথিত সংস্কারপন্থিরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ।
 
শনিবার দুপুরে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। হান্নান শাহ বলেন, বিগত দিনে যারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে গালাগালি দিয়েছে, বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করেছে, এমনকি মান্নান ভূঁইয়ার পেছনে ঘুরঘুর করেছে, তারাই বিএনপির নতুন কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। যারা মাঠের রাজনীতিতে ত্যাগ স্বীকার করেছেন, তাদের সবাইকে যথাযথ মূল্যায়ন করা হয়নি।
 
‘যাদের বিরুদ্ধে মামলা নাই এমন নেতারা নতুন কমিটিতে স্থান পেয়েছে’ অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, যাদের রাজনীতিতে অবদান নাই এমন অপরিচিত নেতারাও কমিটিতে এসেছে।
 
পদবঞ্চিতদের উদ্দেশে হান্নান শাহ বলেন, ধৈর্য্য ধরুন। মূল্যায়ন করা হবে। আশা করি দলের চেয়ারপারসন ম্যাডাম এ বিষয়টির দ্রুত সমাধান করবেন।

ইত্তেফাক/এএম।