বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেলেন সারোয়ার ইমরান। দায়িত্ব পেয়েই শনিবার সালমা-জাহানারাদের নিয়ে অনুশীলনে নেমে পড়েন এই অভিজ্ঞ কোচ।
গত ১ জুন বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে দেশে ফিরে যান নারী দলের শ্রীলঙ্কান কোচ চ্যাম্পিকা গামাগে। তার স্থলাভিষিক্ত হলেন সারোয়ার ইমরান। তিনি বলেন, ‘মেয়েদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ফিটনেস কি রকম সেটি দেখার চেষ্টা করছি। আসলে উন্নতির অনেক জায়গা আছে। সেভাবেই কাজ শুরু করেছি।’

ক্রিকেটারদের দুর্বল দিকগুলো কাটিয়ে তুলতে ফিটনেস ও টেকনিক্যাল বিষয়ের উপর জোর দেবেন বলে জানান সারোয়ার ইমরান। তিনি বলেন, ‘ফিটনেসটা বড় ফ্যাক্টর। থ্রোয়িংয়ে পাওয়ার নেই। পাওয়ার খেলার কোনো ব্যাটার কিংবা জোরে হিট করার মতো ব্যাটার নেই। ছয় মারার ক্ষমতা কম। এমন অনেকগুলো জিনিস আছে। তো এইগুলো শুধু ফিজিক্যাল বিষয় না, টেকনিক্যাল বিষয়ও। টেকনিক ঠিক করলে হয়তো পাওয়ারটা আরেকটু বাড়বে। এসব বিষয় নিয়ে কাজ করছি।’
সেপ্টেম্বরের ১ তারিখ দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আয়ারল্যান্ড যাওয়ার কথা টাইগ্রেসদের। হাতে এক মাসের কম সময় রয়েছে। সারোয়ার ইমরান মনে করেন এই অল্প সময়ের মধ্যেই মেয়েদের দূর্বলতাগুলো কাটিয়ে তোলা সম্ভব।
