উপজেলা পরিষদ নির্বাচন

মির্জাপুর উপজেলায় নির্বাচনের আমেজ নেই

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:৩৫

মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পরও কোনো আমেজ নেই। আগামী ৩১ মার্চ মির্জাপুর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মির্জাপুর উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে চারজন প্রার্থী থাকলেও ন্যাশনাল পিপল্স পার্টির মো. লাল মিয়া (আম) এবং প্রগতিশীল বামদল বাংলাদেশ রামকৃষ্ণ পার্টির সভাপতি মতি রুপা রায় চৌধুরী (আনারস) চেয়ারম্যান প্রার্থী রয়েছেন শুধু কাগজ-কলমে। এই দুই চেয়ারম্যান প্রার্থীর কোনো প্রচার প্রচারণা ও এলাকায় পোস্টার ব্যানার নেই। অপর চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পোস্টার ব্যানার থাকলেও প্রচার প্রচারণা তেমন লক্ষ্য করা যাচ্ছে না।

নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন উপজেলা আওয়ামী লীগ মনোনীত মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি (স্বতন্ত্র) মো. ফিরোজ হায়দার খান (মোটর সাইকেল), ন্যাশনাল পিপলস পার্টির মো. লাল মিয়া (আম মার্কা) এবং প্রগতিশীল বামদল বাংলাদেশ রামকৃষ্ণ পার্টির সভাপতি মতি রুপা রায় চৌধুরী (আনারস)।

ভাইস চেয়ারম্যান পুরুষ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহার (তালা), উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক জিএস সেলিম সিকদার (উড়োজাহাজ) এবং উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম (টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও মহিলা লীগের নেত্রী মীর্জা শামীমা আক্তার শিফা (কলসি), টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী খালেদা সিদ্দিকী স্বপ্না (ফুটবল) এবং জেলা মহিলা লীগের নেত্রী বেগম সালমা সালাম উর্মি( হাঁস)।