রাজশাহী নগরভবন গ্রিণপ্লাজায় চলছে ১০ দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্সব। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পৃষ্ঠপোষকতায় গত ১৭ মার্চ এ উত্সব শুরু হয়েছে। এ উত্সবের ৬ষ্ঠ দিন শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এদিকে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, সন্ধ্যায় লোকসংগীত ও নাটক অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে সংগীত পরিবেশন করে রাজশাহী মহানগর বঙ্গবন্ধু পরিষদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী কর্মকর্তা পরিষদ। আবৃত্তি পরিবেশন করে রাজশাহী আবৃত্তি পরিষদ। সন্ধ্যার আগে স্বরচিত কবিতা পাঠ করেন দৈনিক ইত্তেফাকের সম্পাদকীয় বিভাগের প্রধান কবি মিনার মনসুর। এ সময় উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ও কবি রুবী রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন মাহবুবুর রহমান বাদশা, রুবিনা আনিস, মজিদা আকতার বীথি, জোহা এমএম হোসেন ও হাসিবুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় অনুষ্ঠানস্থলে লোকসংগীত পরিবেশন করে মাতাল বাউল দল। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এসোসিয়েশন (রুডা) পরিবেশন করে নাটক।
আজ শনিবার সকালে নগরভবন গ্রিণপ্লাজায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠী। এরপর বিষয়ভিত্তিক বক্তৃতা করবেন গবেষক আবুল মোমেন। কবিতা আবৃতি করবেন হাসান আরিফ ও মনিরা রহমান মিঠি। পথনাটক পরিবেশন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্য দল। রক্তকবরী চট্টগ্রাম গীতিআলেখ্য পরিবেশন করবে। সবশেষে টাঙ্গাইলের মহাদেব সংযাত্রা দল সংযাত্রা পরিবেশন করবে।
১০ দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্সবের সমাপণী অনুষ্ঠিত হবে আগামী ২৬ মার্চ। এদিন স্কুৃল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে এবং নগর ভবনের গ্রিনপ্লাজায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
