বিসিএল ভার্সনে থাকছে আশরাফুল?

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৫:৩১
 
অবশেষে সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলতে পারবেন দেশীয় ক্রিকেটের জন্য নিষিদ্ধ হওয়া মুহাম্মদ আশরাফুল। কিন্তু বিসিবি টুর্নামেন্ট কমিটির সদস্য আকরাম খান জানালেন কিছুটা ভিন্ন কথা। তিনি বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়া দেশীয় যে কোন টুর্নামেন্টে খেলতে পারবে আশরাফুল। কিন্তু এবারের আসরে তার খেলা হচ্ছে কিনা, সেটা নিশ্চিত নয়।
 
আকরাম খান বলেন, আইসিসি'র নির্দেশনা অনুযায়ী বিসিএল খেলতে পারছেন আশরাফুল। কিন্তু বিসিএল টুর্নামেন্টে সাধারণত ন্যাশনাল ক্রিকেট লিগে সেরা পারফর্ম করা খেলোয়াড়রা অংশ নেয়। ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের মালিকেরা প্রথম রাউন্ডের জন্য সাধারণত জাতীয় দলের খেলোয়াড়দের বেছে নিতেই পছন্দ করে। সেই সঙ্গে তারা বেছে নেয় ন্যাশনাল লিগে ভাল করা খেলোয়াড়দের। সেই হিসেবে এবার আশরাফুলকে কেউ দলে নেবে কিনা জানি না।
 
তিনি আরো বলেন, তবে বিসিএল এর দ্বিতীয় পর্বে সে খেলতে পারে। তবে সেটা কোন দল নিজ দায়িত্বে তাকে নিলে।
 
এ সময় আকরাম খান আরো জানান, আইসিসি'র পক্ষ থেকে জানানো হয়েছে বিপিএল খেলতে পারবে না আশরাফুল। ২০১৮ সাল থেকে তিনি বিপিএল ও আন্তর্জাতিক টুর্নামেন্ট একত্রে খেলতে পারবে।
 
ইত্তেফাক/আরএ