ফ্রান্সে বুরকিনির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আদালত

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৫:৩৫
নারীদের সর্বাঙ্গ আবৃত করে এমন সাঁতারের পোশাক বুরকিনির উপর আরোপ করা একটি নিষেধাজ্ঞা বহাল রেখেছে ফ্রান্সের নিস শহরের একটি আদালত।  কান শহরের মেয়র বিশেষ এই সাঁতার পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। 
 
আদালত বলছে নিষেধাজ্ঞাটি আইনসম্মত, তবে ধর্মীয় কিছু গোষ্ঠি এর বিরোধিতা করছে। জুলাইয়ের শেষ নাগাদ কান এবং আশেপাশের কয়েকটি গ্রামের প্রশাসন বুরকিনির ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেয়। উল্লেখ্য, গত ১৪ জুলাই নিস শহরে লরি হামলায় ৮৪ জন নিহত হয়। 
 
বুরকিনি নিষিদ্ধ করার রায়ে বিচারক উল্লেখ করেন যে ‘জরুরী অবস্থা এবং নিসে সাম্প্রতিক ইসলামপন্থি হামলার প্রেক্ষিতে" এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করা হলে ৩৮ ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে। আইন ভঙ্গকারীদের প্রথমে ভিন্ন কোন সাঁতারের পোশাক পরতে অথবা সমুদ্র সৈকত ছেড়ে চলে যেতে বলা হবে। 
 
 
ফ্রান্সে ইসলামভীতির বিরুদ্ধে প্রচারণা চালায় এমন একটি সংগঠন, সিসিআইএফ বলছে, তারা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। সিসিআইএফের আইনজীবী সেফান গুয়েজ বলেন, এই সিদ্ধান্তের ফলে জনসমাগম স্থানে সবধরনের ধর্মীয় চিহ্ন নিষিদ্ধ করার দুয়ার খুলে যাবে। বিবিসি।