অলিম্পিকে ব্রাজিল-আর্জেন্টিনা বৈরিতায় বিরক্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৬:২৭
আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল দ্বৈরথ প্রায়শই মাত্রা ছাড়িয়ে প্রতিহিংসায় পরিণত হয়।  এবার দুই দেশের ঐতিহাসিক ফুটবলীয় দ্বৈরথের বৈরিতার ছাপ রিও অলিম্পিকেও পড়েছে।
 
সমর্থকদের আচরণে বিরক্ত হয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাকরি দুই দেশের সমর্থকদেরই প্রতিহিংসা পূর্ণ দুয়োধ্বনি ও নাম বিকৃত করে বিরত থাকতে অনুরোধ করেছেন।
 
রিও অলিম্পিকে ব্রাজিলিয়ানরা ‘শত্রুর শত্রু বন্ধু’ নীতি অনুসরণ করছে। রিও অলিম্পিকে আর্জেন্টিনার অ্যাথলেটদের বিপক্ষে অন্য যেকোনো দেশের অ্যাথলেট খেলতে নামলেই তাদের সমর্থনে চিৎকার করে যাচ্ছে ব্রাজিলিয়রা। আর আর্জেন্টাইন সমর্থকরা ব্রাজিলিয় সমর্থকদের ব্যঙ্গ করে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। 
 
আর্জেন্টাইন টেনিস খেলোয়াড় হুয়ান মার্টিন দেল পোত্রো পর্তুগালের হুয়াও সোসার সঙ্গে খেলার সময়ে ব্রাজিলিয়ানরা ক্রমাগত তাকে বিরক্ত করে গেছে। সেই সময়ে স্টেডিয়ামে মারামারি করার জন্য দুইজনকে বের করে দেয়া হয়। মরিসিও মাকরি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির সবচেয়ে জনপ্রিয় ক্লাব বোকা জুনিয়র্সেরও প্রেসিডেন্ট ছিলেন। নিজের অভিজ্ঞতা থেকেই জানেন যে খেলাধুলার দ্বৈরথ কোন পর্যায়ের বৈরিতায় রূপান্তরিত হতে পারে। 
 
IMG0
 
ফেসবুকে দেয়া পোস্টে বলেন, দেশকে ও আমার ক্লাবকে সমর্থন করি কিন্তু রিও অলিম্পিকে সবকিছু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। খেলাধুলার প্রতিদ্বন্দ্বিতা ব্রাজিলিয়ান আর্জেন্টাইনদের মুখের লড়াইয়ে পরিণত হয়েছে যার সমাপ্তি খুব খারাপ ভাবে হতে পারে। আমরা আর্জেন্টাইনরা কিংবা ব্রাজিলিয়ানরা কেউই এমন নই। 
 
তিনি যোগ করেন, এই ধরণের আচরণকে উৎসাহ দিলে পরে এটি আচরিত নিয়মে পরিণত হবে। ব্রাজিলের সঙ্গে আমরা ঐতিহাসিক, ভৌগোলিক, অর্থনৈতিক ও খেলাধুলার আবেগের মাধ্যমে সংযুক্ত। বিশ্বের জন্য দেয়া অলিম্পিকের এই পার্টি উদযাপন করুন। প্রতিহিংসা, দুয়োধ্বনি ও অভিযোগের উপর  আমরা সবাই বিরক্ত। বিবিসি।
 
 
ইত্তেফাক/এসএসএ