সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দিয়ের আল জোরে ইসলামিক স্টেটের (আইএস) অস্ত্রভাণ্ডার ধ্বংস করে দিয়েছে রাশিয়া। ৬টি দূরপাল্লার তুপলেভ বোমারু বিমান এই অভিযান চালায় বলে রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন। খবর- এএফপির।
এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তুপোলেভ বোমারু বিমানগুলো নগরীর দক্ষিণপশ্চিম, পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলে বোমাবর্ষণ করে। এতে দুটি কমান্ড পোষ্ট, ৬টি অস্ত্র গুদাম ও বহু যানবাহন নিশ্চিহ্ন হয়ে গেছে। অভিযানে আইএসের বহু জিহাদি নিহত হয়েছে বলে তারা দাবি করেছে।
রাশিয়া তার দীর্ঘ দিনের মিত্র প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে সেপ্টেম্বর মাস থেকে বিমান হামলা চালাচ্ছে।
গত শুক্রবার তুরস্কের সীমান্তবর্তী মানজিব শহরকে আইএসের হাত থেকে উদ্ধার করে যুক্তরাষ্ট্র সমর্থিত আরব বিদ্রোহী ও কুর্দিদের জোট। এর পর পেন্টাগন থেকে জানানো হয় মধ্যপ্রাচ্যে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে জঙ্গি সংগঠনটি।
ইত্তেফাক/এমএএস
