বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে ছাত্রলীগের স্মারকলিপি

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৯:০৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ। খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন কর্মসূচি পালনের পর স্মারকলিপি দেয় সংগঠনটি।
 
রবিবার বেলা ১২টার দিকে ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দেয়। এর আগে ঢাবি ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া স্মারকলিপিতে বলা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডে জড়িত খুনিদের মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে। এর মধ্যে পাঁচজনের রায় কার্যকর হলেও এখনো ছয়জন বিদেশে পলাতক রয়েছেন। রায় ঘোষণার দীর্ঘ ছয় বছর পরও তাদের দেশে ফিরিয়ে আনতে না পারায় সমগ্র জাতির মতোই দেশের ছাত্রসমাজের প্রতিনিধি ছাত্রলীগ ক্ষুব্ধ ও দুঃখিত।’ স্মারকলিপিতে পলাতক খুনিদের দেশের ফিরে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতা দাবি করে ছাত্রলীগ।