স্বাধীনতা দিবসে সীমান্তে একদিকে ভারতীয়দের মিষ্টিমুখ করালো পাকিস্তান, অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালাল তারা। রবিবার পাকিস্তানের ৬৯তম স্বাধীনতা দিবসে ওয়াঘা সীমান্তে স্বাধীনতা দিবসে সৌহার্দ্য দেখিয়ে মিষ্টি বিনিময় করে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এবং পাক রেঞ্জার্স।
কিন্তু এই সৌজন্যে ঢাকা পরে পাক বাহিনীর যুদ্ধবিরতি ভেঙে জম্মু ও কাশ্মিরের পুঞ্চ সেক্টরে গুলি বর্ষণের ঘটনায়। সেখানে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা গুলি চালালো ভারতীয় চৌকি লক্ষ্য করে। পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে স্বাধীনতা দিবসে মিষ্টি আদান-প্রদান দীর্ঘ দিনের রীতি। গত বছর পাঞ্জাব ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনারা মিষ্টি বিনিময়ের কয়েক দশকের প্রথায় যোগ দেয়নি। ২০১৫-র ২৭ জুলাই পাঞ্জাবের দিনানগরে জঙ্গি হামলায় ১০ জনের মৃত্যু হয়েছিল। এরপর ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের উধমপুরে বিএসএফের কনভয়ে জঙ্গি হামলায় দুই জন সেনা মারা যান হয়েছিলেন। এক জঙ্গি নিহত হয়েছিল ও একজন ধরা পড়েছিল।
এদিকে মিষ্টি বিতরণের দিনেও রবিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরের দুটি স্থানে গুলি চালায় পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা বাহিনী। ভারতের প্রতিরক্ষা মুখপাত্র মণীষ মেহতা বলেছেন, পুঞ্চ সেক্টরে যুদ্ধবিরতি ভেঙে বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাক সেনা। মর্টার, ছোট অস্ত্র ও স্বয়ংক্রিয় বন্দুকের সাহায্যে হামলা চালাতে শুরু করে পাক সেনা। ভোর তিনটা থেকে পাকিস্তানি সেনারা গুলি চালাতে শুরু করে। এর পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় বাহিনী। হতাহতের কোনও খবর নেই বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল পুঞ্চ সেক্টরে শেষবারের মতো যুদ্ধবিরতি ভেঙেছিল পাকিস্তান। এর চার মাস পর ফের তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করল। গত বছর ৪০৫ বার পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছিল। এতে ১৬ নিরীহ নাগরিক নিহত এবং ৭১ জন আহত হয়েছিলেন।
ইত্তেফাক/এসএসএ
