কামারখন্দে অভিযান চালিয়ে নকল সার তৈরি, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে রাজু আহম্মেদ বাবু নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঁশতলা বাজারে অভিযান চালিয়ে নকল সার তৈরির সরঞ্জাম ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত জানান, বাঁশতলা বাজারে নকল সার তৈরি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে নকল সার তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হয় এবং ওই কারখানার মালিক বাবুকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে নকল সার তৈরিতে ব্যবহূত সরঞ্জাম ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়েছে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনি খান, উপ সহকারী কৃষি কর্মকর্তা আ. সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
