কুমিল্লায় অবৈধভাবে ওষুধ সংরক্ষণের দায়ে পাঁচ ফার্মেসিকে জরিমানা

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:৪২

ঔষধ প্রশাসন প্রদত্ত লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ফিজিশিয়ান স্যাম্পল এবং চোরাইপথে আনা ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করার দায়ে পাঁচটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ৫৬ হাজার টাকা নগদ অর্থদণ্ড এবং প্রায় চার লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবাইয়া খানমের নেতৃত্বে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও, ঝাউতলা ও আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক আদর্শ সদর উপজেলা ও কুমিল্লা মহানগর এলাকার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার মেডিসিন প্লাজার অনুরাগ মেডিক্যাল হল থেকে ৩০ হাজার টাকা, নগরীর ঝাউতলা এলাকার ফয়সাল মেডিসিন কর্নার থেকে ১৫ হাজার টাকা, হালিমা মেডিক্যাল হল থেকে ৫ হাজার টাকা, বাগিচাগাঁও এলাকার মজুমদার ফার্মেসি থেকে ৩ হাজার টাকা এবং মাস্টার ফার্মেসি থেকে ৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবাইয়া খানম বলেন, এসব ফার্মেসিতে ওষুধ প্রশাসন প্রদত্ত লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ফিজিশিয়ান স্যাম্পল এবং চোরাইপথে আনা অনুমোদনহীন ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করা হয়েছিল। এসব ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং জব্দকৃত প্রায় ৪ লাখ টাকার ফিজিশিয়ান স্যাম্পল দুস্থদের মাঝে বিতরণের জন্য কুমিল্লা সদর হাসপাতালের আবাসিক চিকিত্সকের নিকট হস্তান্তর করা হয়েছে। অভিযানে জেলা ড্রাগ সুপার মো. হারুন-উর-রশীদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।