উন্নয়নের কাজে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন: রাঙ্গা

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৫:৫৭
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জীবনের ঝুঁকি নিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের উচিত তাকে সহযোগিতা করা।
 
সোমবার দুপুরে নগরীর কাকরাইলে জনপ্রকৌশল অধিদফতর মিলনায়তনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহবান জানান। 
 
মসিউর রহমান রাঙ্গা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর একুশ বছর আওয়ামী লীগকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হয়নি। 
 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকলে ২০১৯ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
 
তিনি বলেন, সামরিক বাহিনীর কিছু বিপথগামী সদস্য স্বাধীনতাবিরোধী শক্তির সাথে হাত মিলিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ম্লান করে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল।
 
স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায়, এলজিইডি’র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, এনএলআইজি,ঢাকার মহাপরিচালক মোস্তফা কামাল হায়দার, বিআরডিবি, ঢাকার মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম ও ডিপিএইচই, ঢাকার প্রধান প্রকৌশলী তাকসিম এ খান।-বাসস।
 
ইত্তেফাক/এএসএস