রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বাঙালী জাতির একজন বন্ধু, একজন জনক- তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনককে হত্যার মধ্যদিয়ে সেই স্বপ্ন ভেঙে ফেলা হয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সমৃদ্ধির পথে এগোচ্ছে তখনই একাত্তরের পরাজিত ও দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে।
সোমবার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারীরা নিরীহ মানুষ ও বিদেশিদের টার্গেট করে হত্যাযজ্ঞে নেমেছে। জাতির জনকের শাহাদাতবার্ষিকীতে শোককে শক্তিতে পরিণত করে সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করার শপথ নিতে হবে।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. তাজুল ইসলাম এমপির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক মো. ওমর ফারুক, জসিম উদ্দিন চৌধুরী, শফিকুল ইসলাম শিকদার, আবুল কাশেম রওশন, জাহাঙ্গীর আলম রতন, ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী, চিত্তরঞ্জন ভৌমিক, নুর-উর রহমান মাহমুদ তানিম প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
