শুক্রবার ভোররাতে বালিয়াকান্দির বহরপুরে প্রতিষ্ঠিত একটি গবেষণামূলক হারবাল প্রতিষ্ঠান নিম অর্গানিক লিমিটেড ও পারমা থিরাপি হিলিং সেন্টার লিমিটেডে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের মূল্যবান অফিসিয়াল ডকুমেন্টসহ প্রায় ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
দুর্বৃত্তদের আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির এমডি ড. নিম হাকিম জানান, এই প্রতিষ্ঠান বাংলাদেশ ও সৌদি আরব সরকার নিবন্ধিত একটি আন্তর্জাতিক যৌথ গবেষণামূলক প্রতিষ্ঠান। এখানে ২৪ মার্চ সৌদি আরব সরকারের একটি প্রতিনিধি দলের পরিদর্শনে আসার কথা। কিন্তু তার মধ্যে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। এতে প্রায় ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি নাশকতা।
বালিয়াকান্দি থানার এস আই রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
