দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে গত বুধবার ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। এ বিষয়ে খবর জানিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাগণ ।
নরসিংদী: ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার সবুজ পাহাড় বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে এলাকার ১৫টি মসজিদের মুসল্লীদের নিয়ে এক বিশাল র্যালি বের করা হয়। এ র্যালির উদ্বোধন করেন যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল আহম্মেদ সরকার ও অ্যাডভোকেট তমাল সরকার। র্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে । পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ শরীফ এবং সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এ অনুষ্ঠান সমাপ্ত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আন্দালিব রহমান তমাল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যাপক ওয়াসিউল মাসুম, সমাজ সেবক নয়ন মিয়া।
বাগেরহাট: এ উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গত বুধবার সকালে শহরের পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাগেরহাট ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত্ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আল-ফারক, সরুই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী। পরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর (নীলফামারী): যথাযথ মর্যাদা আর ধর্মীয় ভাবগম্বীর্যের মধ্য দিয়ে সৈয়দপুরে দেশের সর্ববৃহত্ জাশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের তত্ত্বাবধানে বিরাট এই জাশনে জুলুসে নেতৃত্ব দেন আওলাদে রাসুল হযরত কালিম আশরাফী ও হযরত জামাল আশরাফী। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় পীর মাশায়েখ, উলেমায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবসহ সর্বস্তরের মানুষ।
এই মিলাদুন্নবীতে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার পৌর মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে সংক্ষিপ্ত মিলাদ শরিফে কুরআন তিলাওয়াত, নবী করিম (সা.) এর সিরাতের উপর বয়ান রাখেন স্থানীয় উলেমায়ে কেরামগণ। পরে নাতে রাসুলের পর সালাতো সালাম এবং সবশেষে দেশ ও জাতির কল্যা েমোনাজাত করেন জুলুসের প্রধান আকর্ষণ আওলাদে রাসুল হযরত কালিম আশরাফী আল জীলানী।
