বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আমরা বাংলাদেশের জয়ের পথে যাব। তাকে মুক্ত করতে হবে এবং সেটার আন্দোলনের ধরন কী হবে, সেটার কর্মসূচি কী হবে তা সময় বলে দেবে। আমাদের মধ্যে আবার অনেকে আছেন, আমরা বলি, রোজার পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে, ওমুকের এটার পরে এটা হবে। আমরা বলতে চাই, বলে-কয়ে আন্দোলন হয় না। পানি যেরকম তার গতি বেছে নেয়, আন্দোলনও তার নিজ গতি বেছে নেয়। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে তার মুক্তির জন্য যে আন্দোলন সৃষ্টি হবে, সেই আন্দোলন বলে কয়ে আসে না। সেই আন্দোলন আসবে, দেশ মুক্ত হবে, বেগম খালেদা জিয়া মুক্ত হবেন ইনশাআল্লাহ। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়াসহ দলের কারান্তরীণ সব নেতাকর্মীর মুক্তি দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে জিয়া পরিষদ। পরিষদের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদের সভাপতিত্বে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুস প্রমুখ বক্তব্য দেন।
খসরু বলেন, ‘সাংবাদিকরা প্রশ্ন করেন বিএনপি কীভাবে ঘুরে দাঁড়াবে? আমি বলি- বিএনপির ঘুরে দাঁড়ানোর প্রশ্ন আসছে না। এখানে প্রশ্ন হলো- যারা ক্ষমতা দখল করেছে, সেই আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াবে? তাদের চিন্তা করতে হবে। তারা আবার এ দেশের মানুষের কাছে কীভাবে ফিরে যাবে, সে চিন্তা করতে হবে।
