রিও প্যারা অলিম্পিকে গেমসে অংশগ্রহণ নিয়ে আরোপিত নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ান প্যারা অলিম্পিক কমিটি। এক বিবৃতিতে রাশিয়ান কমিটি জানিয়েছে ১৫ আগস্ট সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) এ তারা আপিল করেছে।
আগামী ২১ আগস্ট রিওতে এ ব্যাপারে শুনানি হবে ও পরের দিন এ ব্যপারে চূড়ান্ত রায় জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। ডোপ টেস্টে ধরা পড়া রাশিয়ান এ্যাথলেটদের জন্য আরেকটি দুঃসংবাদ বয়ে নিয়ে আসে প্যারালিম্পিকে অংশগ্রহণ করতে না দেবার বিষয়টি। রিও অলিম্পিক শুরু হবার পরে আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি (আইপিসি) চলতি মাসের শুরুতে এই ঘোষণা দেয়। তাদের দাবি ছিল ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা)-র সুস্পষ্ট প্রমানের প্রেক্ষিতেই রাশিয়াকে প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না। রাশিয়ান ক্রীড়ামন্ত্রী ভিটালি মুটকো বিষয়টি মোটেই ভালো ভাবে নেননি। তার মতে এই বহিষ্কারাদেশ বিশ্বাসকেও ছাড়িয়ে গেছে। তখনই তিনি আপিলের ঘোষণা দিয়েছিলেন।
গত ৭ আগস্ট রাশিয়াকে বহিষ্কারের বিষয়ে অন্য সব দেশের সমর্থন ছিল বলে আইপিসি স্বীকার করেছে। এর মধ্যে ব্রিটিশ প্যারালিম্পিক এসোসিয়েশন অন্যতম। ১৯৪৮ সাল থেকে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী অ্যাথলেটদের নিয়ে প্যারা অলিম্পিক শুরু হলেও গত ২০ বছরে এর গুরুত্ব দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১২ সালের লন্ডন প্যারা অলিম্পিক গেমসে ১৬৪টি দেশের প্রায় ৪৩০০ জন অ্যাথলেট অংশ নিয়েছিল। আগামী মাসে রিও প্যারালিম্পিক গেমসে ১১ দিনে ২৩টি ডিসিপ্লিনে ক্রীড়াবিদরা অংশ নিবে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
