চেকপোস্ট থেকে হুন্ডি ব্যবসায়ীসহ আটক ২১, জুয়েলারি জব্দ

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:৫৬

বেনাপোলের বড় আঁচড়া সীমান্ত ও আমড়াখালী চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে এক হুন্ডি ব্যবসায়ীসহ ২১ জনকে আটক করেছে বিজিবি। যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল বড় আঁচড়া সীমান্ত ও আমড়াখালী চেকপোস্ট দিয়ে ২০ জন বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বড় আঁচড়া সীমান্তে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয় এবং আমড়াখালী চেকপোস্টে পরিবহন তল্লাশি করে ৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে চার নারী ও ১৬ জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি খুলনা, নোয়াখালী, গোপালগঞ্জ, বরিশাল ও নড়াইল জেলায়। এবং একই সময় বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে বাস তল্লাশি করে আট লাখ টাকা মূল্যের ইমিটেশন জুয়েলারি জব্দ করা হয়।

অপরদিকে বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে ১০ লাখ হুন্ডির টাকাসহ রাসেল নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করা হয়। আটক রাসেল সাদীপুর গ্রামের তুফার আলীর ছেলে। আটককৃতদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।