যুক্তরাষ্ট্রে গুলিতে দুই বাংলোদেশি নিহতের ঘটনায় দেশটির কিছু শহরে বাঙালিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘এ ধরনের একটি ঘটনা প্রকাশ্য দিবালোকে ঘটে গেল যুক্তরাষ্ট্রের মাটিতে। বাসার মধ্যে এক দম্পতি লস এঞ্জেলেসে মারা গেল। এ দুটি ঘটনার পর যুক্তরাষ্ট্রের কিছু শহরে বাঙালিদের নিরাপত্তা নিয়ে আসলে আমরা উদ্বিগ্ন। আমি যতটা জেনেছি আমাদের ফরেন সেক্রেটারির সঙ্গে গতকাল ইউএস এম্বেসেডর বার্নিকাট দেখা করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন; এবং সঙ্গে সঙ্গে যথাযথ ইনভেস্টিগেশনের আশ্বাস দিয়েছেন।’
গত শনিবার জোহরের নামাজের পর নিউ ইয়র্কের কুইন্সে ওজনপার্কে আল ফোরকান জামে মসজিদের কাছে গুলি করে হত্যা করা হয় দুই বাংলাদেশিকে। এদের মধ্যে মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ছিলেন ওই মসজিদের ইমাম। হবিগঞ্জের চুনারুঘাট থেকে পাঁচ বছর আগে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। আর তার প্রতিবেশী থেরাউদ্দিনের (৬৪) বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে।
ইত্তেফাক/এএম।
