নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার পর শোকাহত বিশ্ব। এই কঠিন সময়ে ধর্ম-বর্ণের বৈষম্য, অনৈক্য, বিভেদ দূরে সরাতে এবং ঐক্যর বার্তা দিতে মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পাচ্ছে ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় নিহতরা। টাইমের প্রচ্ছদের ওই ছবিতে ‘তারা’ হয়ে জ্বলবেন তারা। এই প্রচ্ছদটি করেছেন ওয়েলিংটনের চিত্রশিল্পী রুবি জোনস।
বৃহস্পতিবার টাইমের এক খবরে বলা হয়, মসজিদে হামলার পর নিউজিল্যান্ডের ভেতরের অনুভূতি তুলে ধরতে ২৫ বছর বয়সী শিল্পী রুবি জোনসের সঙ্গে যোগাযোগ করা হয়। টাইমকে জোনস বলেন, আমি এখন বিশ্বে যে শক্তি দেখছি এবং অনুভব করছি সেটিই প্রচ্ছদে প্রতীকী অর্থে তুলে ধরার চেষ্টা করেছি। তার মতে, ক্রাইস্টচার্চে হামলা কিছুই করতে পারেনি বরং সবাইকে আরো ঘনিষ্ঠ করেছে। তিনি বলেন, আমরা সবাই ভিন্ন। আমরা বিভিন্ন দেশ, সংস্কৃতি, ধর্ম থেকে এসেছি। কিন্তু দিন শেষে আমরা জানি না যে, এই গ্রহের জন্য প্রত্যেকে কি করছি। ক্রাইস্টচার্চে নিহতদের জন্য ছবিটি উত্সর্গ করতে চাই। ছবির ৫০টি তারা’য় যারা প্রতিনিধিত্ব করছেন। টাইম কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যারা গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্বকে জানাতে আমার ওপর আস্থা রেখেছেন। ১ এপ্রিলের সংখ্যায় প্রচ্ছদ ছবিটি প্রকাশিত হবে।
