মায়ের পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন জাতীয় দলের ক্রিকেটার কাটার মুস্তাফিজুর রহমান। গতকাল শুক্রবার বেলা তিনটায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে তার আপন মেজ মামা রওনাকুল ইসলাম বাবুর মেয়ে সাদিয়া পারভীন শিমুর সঙ্গে এই বিয়ে অনুষ্ঠিত হয়। তবে মুস্তাফিজ সাংবাদিকদের সঙ্গে কোন কথা না বললেও তার বড় ভাই মাহফুজুর রহমান মিঠু মুস্তাফিজ-শিমু দম্পত্তির জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, কালিগঞ্জের তেঁতুলিয়া গ্রামের হাজী আবুল কাশেম ও মাহমুদা দম্পত্তির ছোট ছেলে বিশ্বখ্যাত ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের সাথে বিয়ে হয় শিমুর। শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিষয় নিয়ে স্নাতক (সম্মান) ১ম বর্ষে লেখাপড়া করছেন। বেলা পৌনে তিনটার দিকে বাবা-মা-ভাই ও বন্ধু-বান্ধবসহ ৩০/৩২ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসেন মুস্তাফিজ। শেরওয়ানী পরা থাকলেও পাগড়ি পরেননি মুস্তাফিজ। তাকে কোলে করে বিয়ের আসরে নিয়ে যেতে চাইলেও তিনি কোলে উঠতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে হেঁটেই বিয়ের মঞ্চে বসেন তিনি। এসময় নওয়াপাড়া ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার আবুল বাশার ৫ লাখ এক টাকা দেন মোহরে মুস্তাফিজ ও শিমুর বিয়ে পড়ান। শিমু ২০১৮ সালে দেবহাটার সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। এর আগে ২০১৬ সালে নলতা হাইস্কুল থেকে তিনি জিপিএ-৫ পেয়ে পাস করেন এসএসসি।
মুস্তফিজের সেজ ভাই মোখলেসুর রহমান পল্টু জানান, পারিবারিকভাবে আকদ হলেও আনুষ্ঠানিকতা হবে আগামী ক্রিকেট বিশ্বকাপের পর।
