সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্ভিসের একটি বাস মেননকে বহনকারী প্রাইভেটকার ধাক্কা দেয়। এ সময় গাড়ির ভেতরে ছিলেন রাশেদ খান মেনন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। গাড়িটির সামান্য ক্ষতি হলেও অক্ষত ছিলেন মেনন। দায়িত্বপালনকারী সার্জেন্ট ওই বাসটিকে সঙ্গে সঙ্গে আটক করেন। ওই গাড়ির কোনো কাগজপত্র এবং চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৭টায় মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্ভিসের একটি অপেক্ষমাণ বাস হঠাত্ করে স্টার্ট দিয়ে রাশেদ খান মেননের গাড়িকে ছিঁচড়ে দেয়।
কর্তব্যরত সার্জেন্ট বাসটি থামিয়ে ড্রাইভারকে আটক করলে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটির কোনো কাগজপত্র নেই, চালকেরও লাইসেন্স ছিল না, এমনকি গাড়ির ফিটনেসও ছিল না। বাস এবং চালক বনানী থানায় আটক রয়েছে বলে ওয়ার্কার্স পার্টির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ব্যাপারে বনানী থানার এসআই আফজাল হোসেন জানান, অভিযুক্ত বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৯৬৮৪) জব্দসহ চালক আমানুল্লাহ (৩৮) ও তার সহযোগী দুলাল মিয়া (৫০)-কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
