বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সরকার জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায় বলেই বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দেয়নি। রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে জঙ্গিবাদ দমন সম্ভব নয়। এজন্য জাতীয় ঐক্যের মাধ্যমে সবাইকে সম্পৃক্ত করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।'
বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টারস ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, কাল বিলম্ব না করে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিএনপি। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি এবং তা উদ্দেশ্য প্রণোদিতভাবেই করেনি। কারণ, বিষয়টিকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়। কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহার করলে জঙ্গিবাদ প্রতিরোধ সম্ভব হবে না। কারণ, এরই মধ্যে প্রমাণিত হয়ে গেছে, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ করে সচেতনতা বাড়াতে হবে। যা রাষ্ট্রীয় সন্ত্রাস দ্বারা সম্ভব নয়।
তিনি বলেন, জাতীয় ঐক্যের ডাক বারবার সরকারের নাকচ করে দেয়ার আরো উদ্দেশ্য আছে। কারণ তারা জানে, বাংলাদেশে ঐক্য সৃষ্টি হলে তারা খুব বেশি সুবিধা করতে পারবে না।
ইত্তেফাক/কেকে
