গোলান মালভূমি নিয়ে ট্রাম্পের বক্তব্যের নিন্দায় সিরিয়া

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:৫৭

গোলান মালভূমির দখলকৃত অংশে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছে সিরিয়া। ট্রাম্পের বক্তব্যকে দায়িত্ব-জ্ঞানহীন উল্লেখ করে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যে কোনো উপায়ে গোলান পুনরুদ্ধার করা হবে।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে গোলানের বেশির ভাগ অংশই তেল আবিবের দখলে চলে যায়। চার বছর পর সিরিয়া সেটি পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। ইসরায়েলের দখলে থাকলেও গোলানে তাদের সার্বভৌমত্ব কখনোই আন্তর্জাতিক সমর্থন পায়নি। যুক্তরাষ্ট্রও দূরত্ব বজায় রেখেছিল। কিন্তু বৃহস্পতিবার ট্রাম্প বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা ও কৌশলগত কারণে গোলান বেশ গুরুত্বপূর্ণ। গোলানে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দেন তিনি। এর কয়েক ঘণ্টা পরই দামেস্ক প্রতিবাদ করে জানায়, ট্রাম্পের অবস্থানে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ পক্ষপাতিত্ব প্রকাশ পেয়েছে। গোলান সিরিয়ার, আরবদের ছিল, থাকবে। ট্রাম্পের বক্তব্যকে আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা হিসেবেও অ্যাখ্যা দিয়েছে তারা।

গোলান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট উসকে দিতে পারে বলেও সতর্ক করেছে দেশটি। ট্রাম্পের বক্তব্যকে অগ্রহণযোগ্য বলেছে ইরানও। গোলানে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সতর্ক করেছে রাশিয়াও। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছেন। অনেকে বলছেন, এই ঘোষণা নেতানিয়াহুর জন্য নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের উপহার। উল্লেখ্য, গত বছর তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস সরিয়ে আনে ট্রাম্প প্রশাসন। খবর :বিবিসি।